সারা বাংলা রাজশাহী সিরাজগঞ্জ
সিরাজগঞ্জে স্বামী হত্যার দায়ে স্ত্রীর যাবজ্জীবন কারাদন্ড
২৬ বাংলা টিভি 10-Mar-2026 36
সিরাজগঞ্জে স্বামী হত্যার দায়ে স্ত্রীর যাবজ্জীবন কারাদন্ড
সিরাজগঞ্জ থেকে :
সিরাজগঞ্জ সদর উপজেলায় স্বামীকে হত্যা করার অভিযোগ প্রমাণিত হওয়ায় স্ত্রী ইসরাত জাহান ইমাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। জরিমানা পরিশোধ করতে ব্যর্থ হলে তাকে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
আজ মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-৩ আদালতের বিচারক মো. নজরুল ইসলাম এই রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর হামিদুল ইসলাম দুলাল।
দণ্ডপ্রাপ্ত ইসরাত জাহান ইমা সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার মুগবেলাই গ্রামের বাসিন্দা নুর নবী আকন্দের মেয়ে।
মামলার নথি সূত্রে জানা যায়, ২০১২ সালে সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের কল্যানী পূর্বপাড়া গ্রামের এস. এম. সায়েমের সঙ্গে ইসরাত জাহান ইমার বিয়ে হয়। বিয়ের আগে থেকেই সায়েম সিলেটে পূবালী ব্যাংকের নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন।
স্বামী কর্মস্থলে থাকার সময় ইমার প্রতিবেশী শাহাদতসহ কয়েকজন পুরুষের সঙ্গে মোবাইলে যোগাযোগ ছিল বলে অভিযোগ ওঠে। এ বিষয়টি জানাজানি হলে তাদের দাম্পত্য জীবনে বিরোধ সৃষ্টি হয়।
২০২২ সালের ৮ জুলাই ঈদুল আজহা উপলক্ষে সায়েম বাড়িতে আসেন। সেদিন বিকেলে গোসল শেষে ঘরে ফিরলে ইমা তাকে ঘুমের ওষুধ মিশিয়ে শরবত পান করান বলে অভিযোগে বলা হয়। এতে তিনি ঘুমিয়ে পড়েন। পরে রাতে পরিবারের অন্য সদস্যদেরও সেভেন আপের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে পান করানো হয়, ফলে সবাই ঘুমিয়ে পড়েন।
এরপর গভীর রাতে ইমা অজ্ঞাত দুই-তিনজনের সহায়তায় ধারালো অস্ত্র দিয়ে সায়েমকে কুপিয়ে হত্যা করেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
ঘটনার পর নিহতের বাবা শেখ ফরিদ বাদী হয়ে পুত্রবধূ ইসরাত জাহান ইমার নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলার সাক্ষ্যপ্রমাণ ও শুনানি শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত ইসরাত জাহান ইমাকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন।
news@26banglatv.com