সারা বাংলা খুলনা ঝিনাইদহ
ঝিনাইদহ সংরক্ষিত নারী আসনে আলোচনায় তহুরা খাতুন: তৃণমূলের আস্থা, নেতৃত্বে দৃঢ়তার প্রতিফলন
২৬ বাংলা টিভি 31-Mar-2026 30
ঝিনাইদহ সংরক্ষিত নারী আসনে আলোচনায় তহুরা খাতুন: তৃণমূলের আস্থা, নেতৃত্বে দৃঢ়তার প্রতিফলন
হাবিব ওসমান, কালীগঞ্জ, ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন ঘিরে আলোচনায় উঠে এসেছে জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক তহুরা খাতুন-এর নাম। দীর্ঘ রাজনৈতিক পথচলা, ত্যাগ-সংগ্রাম এবং সাংগঠনিক দক্ষতার কারণে তিনি ইতোমধ্যে তৃণমূল নেতাকর্মীদের আস্থার কেন্দ্রে পরিণত হয়েছেন।
দলীয় সূত্রে জানা যায়, তহুরা খাতুন ২০২২ সাল থেকে জাতীয়তাবাদী মহিলা দলের ঝিনাইদহ জেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি ঝিনাইদহ সদর উপজেলার দোগাছি ইউনিয়ন মহিলা দলের সভানেত্রী হিসেবে ১৯৯৮ সালে রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন। ধাপে ধাপে সাংগঠনিক কাঠামোকে শক্তিশালী করার ক্ষেত্রে তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য।
দীর্ঘ রাজনৈতিক জীবনে নানা প্রতিকূলতার মুখোমুখি হয়েছেন তিনি। গত প্রায় দেড় দশকে রাজনৈতিক হয়রানি ও একাধিক মামলার কারণে আদালতে দীর্ঘ সময় ব্যয় করতে হলেও রাজপথের আন্দোলন-সংগ্রাম থেকে সরে দাঁড়াননি। বরং প্রতিকূল পরিস্থিতির মধ্যেও তিনি দলের কর্মসূচিতে সক্রিয় থেকেছেন।
স্থানীয় নেতাকর্মীদের মতে, তার নেতৃত্বে ঝিনাইদহ জেলা মহিলা দল শুধু সাংগঠনিকভাবেই শক্তিশালী হয়নি, আন্দোলন-সংগ্রামেও দৃশ্যমান ভূমিকা রেখেছে। ঝিনাইদহ পৌর মহিলা দলের সাধারণ সম্পাদক শামিমা সুলতানা ইতি বলেন, “সংরক্ষিত নারী আসনে তহুরা খাতুন-কে মনোনয়ন দেওয়া হলে দল যেমন উপকৃত হবে, তেমনি এলাকার উন্নয়নেও ইতিবাচক প্রভাব পড়বে।”
হরিনাকুন্ডু উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান সেলিনা খাতুন মন্তব্য করেন, “তিনি একজন পরীক্ষিত নেতা। তৃণমূলের প্রত্যাশার প্রতিফলন ঘটাতে তার মনোনয়ন গুরুত্বপূর্ণ।” একইসঙ্গে কোটচাঁদপুরের নেত্রী নাসিমা খাতুনও বলেন, “দুঃসময়ে দলের পাশে থাকার জন্য এখন তাকে মূল্যায়নের সময় এসেছে।”
মহেশপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নার্গিস সুলতানা দীপা জানান, উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচনে বিজয়ের মাধ্যমে তহুরা খাতুন তার জনপ্রিয়তা প্রমাণ করেছেন।
ব্যক্তিগত জীবনে তিনি এক সন্তানের জননী। তার স্বামী অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক জাকির হোসেন, যিনি নিজেও বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।
ঝিনাইদহ সদর থানা মহিলা দলের আহ্বায়ক আনোয়ারা বেগম ও শৈলকুপার নেত্রী রোখসানা আক্তার পুল জানান, আসন্ন সংসদ অধিবেশনে সংরক্ষিত নারী আসনের মনোনয়ন প্রক্রিয়া শুরু হলে তহুরা খাতুন অন্যতম শক্তিশালী প্রার্থী হিসেবে বিবেচিত হবেন।
এদিকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা বলেন, “দীর্ঘদিন মাঠে সক্রিয় থাকা এবং দলের জন্য ত্যাগ স্বীকার করা নেতাদেরই সংরক্ষিত নারী আসনে মূল্যায়ন করা উচিত। তহুরা খাতুনসহ যারা আন্দোলন-সংগ্রামে ভূমিকা রেখেছেন, তারা এই মনোনয়নের দাবিদার।”
তৃণমূলের প্রত্যাশা, যোগ্যতা ও ত্যাগের স্বীকৃতি হিসেবে মনোনয়ন পেলে ঝিনাইদহে নারী নেতৃত্বের বিকাশে নতুন দিগন্ত উন্মোচিত হবে এবং সাংগঠনিক গতিশীলতা আরও বৃদ্ধি পাবে।
news@26banglatv.com