সারা বাংলা রাজশাহী সিরাজগঞ্জ
সিরাজগঞ্জে স্কুলছাত্র হত্যা মামলার রায়: তিনজনের আমৃত্যু কারাদণ্ড
২৬ বাংলা টিভি 17-Feb-2026 38
সিরাজগঞ্জে স্কুলছাত্র হত্যা মামলার রায়: তিনজনের আমৃত্যু কারাদণ্ড
সিরাজগঞ্জ থেকে :
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধের জেরে সংঘটিত এক স্কুলছাত্র হত্যা মামলায় তিন আসামিকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড করা হয়েছে। মামলার আরেক আসামিকে দুই বছরের কারাদণ্ড, পাঁচ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে তিনটার দিকে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ইকবাল হোসেন এ রায় ঘোষণা করেন।
আদালত সূত্রে জানা যায়, নিহত তামীম হোসেন (৭) উল্লাপাড়া উপজেলার নরসিংহপাড়া গ্রামে নানাবাড়িতে থেকে পড়াশোনা করত। ২০১৭ সালের ১০ ফেব্রুয়ারি সে নানাবাড়ি থেকে নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরদিন সকালে স্থানীয়দের মাধ্যমে জানা যায়, পাশের একটি সরিষাখেতে তামীমের মরদেহ পড়ে আছে। তার গলায় রশি পেঁচানো ছিল এবং মাথার পেছনে আঘাতের চিহ্ন পাওয়া যায়।
এ ঘটনায় নিহতের বাবা সোলেমান ফকির বাদী হয়ে উল্লাপাড়া মডেল থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। তদন্ত চলাকালে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে। পরে তারা আদালতে ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জেরেই তামীমকে হত্যা করার কথা স্বীকার করে।
তদন্ত শেষে পুলিশ চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যপ্রমাণ পর্যালোচনা শেষে আদালত তিন আসামিকে আমৃত্যু কারাদণ্ড এবং অপর আসামিকে দুই বছরের কারাদণ্ড প্রদান করেন।
নিহত তামীম হোসেন উল্লাপাড়া উপজেলার চকপাঙ্গাসী গ্রামের বাসিন্দা সোলেমান ফকিরের ছেলে।
news@26banglatv.com