খেলা
১৫ দিনে রেকর্ড ১৫ কোটি বিশ্বকাপ টিকিটের আবেদন
২৬ বাংলা টিভি 31-Dec-2025 32
১৫ দিনে রেকর্ড ১৫ কোটি বিশ্বকাপ টিকিটের আবেদন
স্পোর্টস ডেস্কঃ
চড়া মূল্যের সমালোচনার মাঝেও বিশ্বকাপ ফুটবলের টিকিট নিয়ে রেকর্ড আগ্রহ দেখিয়েছেন দর্শকরা। গেলো মাত্র ১৫ দিনেই জমা পড়েছে প্রায় ১৫ কোটি টিকিটের আবেদন, যা ফিফা বিশ্বকাপের প্রায় ১০০ বছরের ইতিহাসে নজিরবিহীন।
ফিফার তথ্যমতে, টিকিট প্রত্যাশীদের তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র, এরপর জার্মানি ও যুক্তরাজ্য। এই বিপুল আগ্রহে উচ্ছ্বসিত ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তার মতে, বিশ্বকাপই একমাত্র আয়োজন যা পুরো বিশ্বকে একত্রিত করতে পারে।
ইতোমধ্যেই শুরু হয়ে গেছে বিশ্বকাপ ফুটবলের উন্মাদনা। আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে চলছে প্রস্তুতির শেষ পর্যায়ের কাজ। মাঠের লড়াই শুরুর অপেক্ষায় থাকলেও, এর আগেই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে বিশ্বকাপের টিকিট।
বিশ্বজুড়ে টিকিটের উচ্চমূল্য নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়ে ফিফা। কাতার বিশ্বকাপের তুলনায় কয়েকগুণ বেশি দাম নির্ধারণ করায় ক্ষোভ প্রকাশ করেন সমর্থকরা। চাপের মুখে ফিফা চালু করে নতুন ‘সাপোর্টার এন্ট্রি টায়ার’ নামের স্বল্পমূল্যের টিকিট ক্যাটাগরি। এই ক্যাটাগরিতে ফাইনালসহ মোট ১০৪টি ম্যাচের টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ৬০ ডলার। তবুও টিকিটের মূল্য নিয়ে বিতর্ক পুরোপুরি থামেনি।
এ প্রসঙ্গে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, টিকিটের দাম নিয়ে আলোচনা থাকলেও আগ্রহের পরিমাণ অবিশ্বাস্য। প্রতিদিন গড়ে ১ কোটি টিকিটের আবেদন এসেছে। এই আগ্রহই প্রমাণ করে বিশ্বকাপ কতটা শক্তিশালী।
তিনি আরও জানান, বিশ্বকাপের ইতিহাসে এখন পর্যন্ত মোট ৪৪ মিলিয়ন টিকিট বিক্রি হলেও, এবারের আসরের জন্য মাত্র দুই সপ্তাহেই সেই সংখ্যার কয়েকগুণ চাহিদা তৈরি হয়েছে। ইনফান্তিনোর মতে, টিকিট থেকে অর্জিত রাজস্ব বিশ্বজুড়ে ফুটবলের উন্নয়নে ব্যয় করা হয় এবং ফিফাই একমাত্র সংস্থা যারা বৈশ্বিক ফুটবলের অর্থায়ন করে।
বিশ্লেষকদের ধারণা, আগামী বছর মাঠে গড়ানো বিশ্বকাপ যত কাছে আসবে, টিকিটের চাহিদা ততই আরও কয়েকগুণ বৃদ্ধি পাবে।
news@26banglatv.com