Logo
মঙ্গলবার | ২৯ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

ওপার বাংলা

মেসির কাছে প্রকাশ্যে ক্ষমা চাইলেন মমতা

২৬ বাংলা টিভি   13-Dec-2025   81

Photo

কলকাতার সল্টলেক স্টেডিয়ামে লিওনেল মেসির উপস্থিতিতে আয়োজিত একটি অনুষ্ঠান বিশৃঙ্খলায় ভেস্তে যাওয়ার ঘটনায় প্রকাশ্যে দুঃখপ্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছবিঃ সংগৃহীত


২৬ বাংলা নিউজ:

কলকাতার সল্টলেক স্টেডিয়ামে লিওনেল মেসির উপস্থিতিতে আয়োজিত একটি অনুষ্ঠান বিশৃঙ্খলায় ভেস্তে যাওয়ার ঘটনায় প্রকাশ্যে দুঃখপ্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে তিনি মেসি, তার ভক্ত এবং ক্রীড়াপ্রেমী মানুষের কাছে ক্ষমা চেয়েছেন। ঘটনায় স্টেডিয়াম ব্যবস্থাপনায় গুরুতর ত্রুটি ছিল বলে মন্তব্য করে তিনি পুরো বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠনের নির্দেশও দিয়েছেন।

শনিবার অনুষ্ঠান শেষে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, সল্টলেক স্টেডিয়ামে ঘটে যাওয়া অব্যবস্থাপনা তাকে গভীরভাবে ব্যথিত ও বিস্মিত করেছে। তিনি বলেন, এ ধরনের একটি অনুষ্ঠানে এমন বিশৃঙ্খলা কখনোই প্রত্যাশিত ছিল না। এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য তিনি ব্যক্তিগতভাবে লিওনেল মেসি, তার ভক্ত এবং উপস্থিত ক্রীড়াপ্রেমীদের কাছে ক্ষমা প্রার্থনা করেন।

মুখ্যমন্ত্রী জানান, হাজারো দর্শকের সঙ্গে তিনিও অনুষ্ঠানে যোগ দিতে স্টেডিয়ামের পথে ছিলেন। কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় তিনি সেখানে পৌঁছাতে পারেননি। একই কারণে অনুষ্ঠানে উপস্থিত থাকতে ব্যর্থ হন বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত সাবেক ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক সৌরভ গাঙ্গুলি এবং বলিউড অভিনেতা শাহরুখ খান।

ঘটনার তদন্তে অবসরপ্রাপ্ত বিচারপতি আশিম কুমার রায়ের নেতৃত্বে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য দুই সদস্য হলেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ এবং স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী। এই কমিটিকে পুরো ঘটনার তদন্ত, দায় নির্ধারণ এবং ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি এড়াতে প্রয়োজনীয় সুপারিশ দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে।

জানা গেছে, শনিবার সকালে সল্টলেক স্টেডিয়ামে মোহনবাগান ও ডায়মন্ড হারবারের মধ্যকার একটি ম্যাচ চলাকালে লিওনেল মেসি সেখানে পৌঁছান। মাঠে প্রবেশের অনুমতি পাওয়া কিছু দর্শক তার গাড়ির দিকে ছুটে গেলে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় গ্যালারিতে থাকা দর্শকদের একাংশ ক্ষুব্ধ হয়ে মাঠে নেমে আসে এবং বোতল ও চেয়ার ছোড়াছুড়ির ঘটনাও ঘটে। নিরাপত্তাজনিত কারণে দ্রুত মেসিকে মাঠ থেকে সরিয়ে নেওয়া হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিধাননগর পুলিশ বাধ্য হয়ে লাঠিচার্জ করে। শেষ পর্যন্ত এই বিশৃঙ্খলার কারণে পুরো অনুষ্ঠানই ভেস্তে যায়।

উল্লেখ্য, এটি ছিল লিওনেল মেসির দ্বিতীয়বার কলকাতা সফর। তবে এবারের সফর ঘিরে সৃষ্ট এই বিশৃঙ্খলা রাজ্যের ক্রীড়া আয়োজন ও নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে নতুন করে প্রশ্ন তুলে দিয়েছে।


news@26banglatv.com


Photo

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ, আলোচনায় গঙ্গা-তিস্তা চুক্তি

২৬ বাংলা রিপোর্ট: বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের অমীমাংসিত...

Photo

ভারতে মসজিদে সমীক্ষা ঘিরে সংঘাত, নিহত বেড়ে ৪

ভারতের উত্তরপ্রদেশের সামভালে মুঘল আমলে তৈরি একটি মসজিদ ঘিরে তৈরি হওয়া...

Photo

ছাত্র সংগঠনগুলোকে নিয়ে বৈঠকের ডাক বৈষম্যবিরোধীদের

সোমবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে...

Photo

ভোটের মাঠে নতুন কৌশল: হিন্দু ভোটব্যাংকে নজর দিচ্ছে জামায়াত

ডেস্ক রিপোর্টঃ ঝিনাইদহের শৈলকূপা উপজেলার উমেদপুর বাজারে বিকেলের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত