সারা বাংলা রাজশাহী সিরাজগঞ্জ
সিরাজগঞ্জে পুকুর নিয়ে সংঘর্ষে নিহত ২ বিএনপিকর্মী: মূল হোতাসহ আটক ৩
২৬ বাংলা টিভি 03-Mar-2026 40
সিরাজগঞ্জে পুকুর নিয়ে সংঘর্ষে নিহত ২ বিএনপিকর্মী: মূল হোতাসহ আটক ৩
সিরাজগঞ্জ থেকে :
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় দীর্ঘদিনের বিরোধের জেরে সংঘর্ষে দুই বিএনপি কর্মীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় মূল অভিযুক্তসহ তিনজনকে হেফাজতে নিয়েছে পুলিশ। বর্তমানে তারা পুলিশ পাহারায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মঙ্গলবার (৩ মার্চ) সকালে রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, উপজেলার ধামাইনগর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামের মৃত নজর উদ্দিনের ছেলে আছমত আলীকে এই ঘটনার মূল হোতা হিসেবে চিহ্নিত করা হয়েছে। তার সঙ্গে একই গ্রামের তরিকুল ও আশরাফ আলীকেও আটক করা হয়েছে। তারা সিরাজগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। বেলা ১১টা পর্যন্ত এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোয়ালপাড়া গ্রামের প্রায় পাঁচ বিঘা আয়তনের একটি খাস পুকুরের দখল ও লিজকে কেন্দ্র করে আছমত আলী ও ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবু বক্কার সিদ্দিকের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। আছমত আলী প্রায় ১৫-১৬ বছর ধরে গোয়ালপাড়া মসজিদের নামে পুকুরটি লিজ নিয়ে মাছ চাষ করছিলেন। পরে ২০২৪ সালের ৫ আগস্টের পর আবু বক্কার সিদ্দিক তিন বছরের জন্য পুকুরটির লিজ নেন এবং মাছ চাষ শুরু করেন।
সোমবার সকালে আবু বক্কার সিদ্দিক তার সমর্থকদের নিয়ে পুকুরে মাছ ধরতে জাল ফেললে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে সেই উত্তেজনা রূপ নেয় সংঘর্ষে। দেশীয় অস্ত্র—হাসুয়া, দা ও লাঠিসোটা নিয়ে দু’পক্ষ মুখোমুখি হলে গোটা এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
সংঘর্ষে আওয়ামী লীগ সমর্থিত চারজন এবং বিএনপি সমর্থিত সাতজন গুরুতর আহত হন। খবর পেয়ে ৯৯৯–এ কলের ভিত্তিতে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায়।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আবু বক্কার সিদ্দিকের গ্রুপের ইসমাইল (৭০) ও আব্দুস সালাম (৬০) মারা যান। তাদের মৃত্যুতে এলাকায় শোক ও উত্তেজনা বিরাজ করছে।
পুলিশ জানিয়েছে, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনার পেছনের কারণ ও দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে তদন্ত অব্যাহত আছে।
news@26banglatv.com